বরিশালে খ্রীষ্টান সম্প্রদায়ের পুকুর ভরাট করে আদালত ভবন নির্মাণের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে হামলা চালিয়েছেন আইনজীবীরা। এতে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় নগরীর ফজলুল হক এভিনিউয়ের সেন্ট পিটার্স চার্চের সামনে এ হামলার ঘটনা ঘটে।
সেন্ট পিটার্স চার্চের ফাদার শান্তি পাল জানান, দেড়শ’ বছরের পুরনো এই পুকুর তাদের গীর্জার সম্পত্তি। এ নিয়ে আদালতে চলমান মামলা উপেক্ষা করে বৃহস্পতিবার রাত থেকে পুকুরটি ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে তারা থানায় জানালেও তা উপেক্ষা করে পুকুর ভরাট অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গেলে কতিপয় আইনজীবী তাদের ওপর হামলা চালায়।
এ সময় নারীদেরও লাঞ্ছিত করেন তারা। ব্যানার কেড়ে নেওয়াসহ চার্চের মধ্যে প্রবেশ করে মাইক ভাঙচুর করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী মুনিরুল হাসান জানান, সেন্ট পিটার্স চার্চ মামলায় হেরে যাওয়ার পর দশতলা জুডিশিয়াল আদালত ভবন নির্মাণের জন্য পুকুর ভরাট হচ্ছ। এখানে একটি স্বার্থান্বেষী মহল ভূমি দখলের জন্য এর বিরোধিতা করছে।
তবে মানববন্ধনে হামলা ও সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এসএইচ





