সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোন আদিবাসী নেই উল্লেখ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া বলেন, উপজাতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা নিজেদের মিথ্যে আদিবাসী পরিচয় দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।

আদিবাসী শব্দটি রাজনৈতিকভাবে বেশ স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সালে সাংবিধানিক ভাবে বলা হয়েছে যে বাংলাদেশে কোন আদিবাসী নাই,তার পরও কিছু বুদ্ধিজীবী নামের পরজীবি নির্লজ্জ ভাবে উপজাতিদেরকে আদিবাসী দাবী করে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ই আগস্ট) জাতীয় প্রেস ক্লাব সম্মুখে বাংলাদেশের সংবিধান পরিপন্থি ও সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অবজ্ঞা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) কর্তৃক রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের লক্ষ্যে তথাকথিত আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের পবিত্র সংবিধানের অনুচ্ছেদ ৬(২) এ স্পষ্ট ভাবে বলা হয়েছে যে, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন এবং অনুচ্ছেদ ২৩(ক): রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ,উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন।

অন্যদিকে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের উপজাতিরা কখনো আাদিবাসী হতে পারে না। উপজাতীয়রা আদিবাসী ইস্যুটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতকারী এবং দেশ ভাগের গভীর ষড়যন্ত্রের অংশ।

তিনি শীঘ্রই এই বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীরা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এসব দেশদ্রোহীদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিঃ শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব- মো:আক্কাছ আলী খান, পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মো:ফয়েজ উদ্দিন আহমেদ, যুগ্ন মহাসচিব ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শেখ আহাম্মদ (রাজু), পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রানা এবং পিবিসিপির কেন্দ্রীয় সভাপতি মো:ইবরাহিম মনির, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর কমিটির নেতা ইব্রাহিম খলিল অপি, আল আমিন প্রমুখ।

বকর/জেড