'কিছু বাধা থাকবে তারপরেও এগিয়ে যেতে হবে' বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারীদের শিক্ষার দ্বার খুলে দিয়েছেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নারী পুরুষ একসঙ্গে কাজ করলেই সমাজ ও দেশ উন্নত হতে পারে। বেগম রোকেয়া আমাদের (নারীদের) জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, নিজগুণে নারীরা সকল ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। নারীদের নিজেদের মেধা নিজেদেরই প্রকাশ করতে হবে। কারো মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না।
লিঙ্গসমতায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। বিচারালয়, বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগ এবং সশস্ত্র বাহিনীসহ সব জায়গায় নারীরা স্বক্ষমতার পরিচয় দিচ্ছে।
এর আগে নারী উন্নয়ন ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ৫ নারীকে বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান করেন প্রধানমন্ত্রী।
২০১৭ সালের বেগম রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন- চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রানী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবি মওদুদ (মরণোত্তর), সংগঠক মাজেদা শওকত আলী এবং সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।
জেড





