বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় একটি পুকুর থেকে শারমিন আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে গ্রামের শেখ আবদুস সাত্তারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শারমিন সুন্দরঘোনা গ্রামের নান্টু শেখের মেয়ে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বলা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু জানান, ‘যখন-তখন বাড়ির বাইরে বেরিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করার কারণ দেখিয়ে তিন দিন আগে মেয়েটির মা মঞ্জু বেগম তাঁকে মারধর করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে শিকল খুলে দেওয়া হলে কিশোরী আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই দিন থেকে সে নিখোঁজ ছিল।

আজ দুপুরে সুন্দরঘোনা গ্রামের শেখ আবদুস সাত্তারের মেয়ে পুকুরে লাশ ভাসতে দেখে তাঁর পরিবারকে বিষয়টি জানায়। পরে বাড়ির মালিক আবদুস সাত্তার আমাকে জানালে আমি পুলিশকে জানিয়েছি।’

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আজম খান বলেন, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে আবদুস সাত্তারের বাড়ির পুকুর থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা কি না। আবদুস সাত্তারের বাড়ির ২০০ গজ দূরে শারমিনদের বাড়ি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ