বগুড়ার বনানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেয়। কিছু সময় তারা সড়ক অবরোধ করে রাখে।
পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বনানী এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ‘বগুড়ায় আর নাশকতা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে অচল করে দেওয়া হবে গোটা উত্তরাঞ্চল।’
অবরোধের সমর্থনে সকাল থেকে শহরের মাটিডালিতে বিএনপি ও জামায়াতের সদর উপজেলা শাখার নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করে। তারা সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এদিকে অবরোধের টানা তৃতীয় দিন বগুড়া থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে অটোটেম্পো চলাচল করছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আর্মড পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জামায়াতের তিন নেতাকর্মীসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেআই





