বিএনপিসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই।’ 

শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল সরকারি প্রাইমারী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, `বিএনপির অতীতের আন্দোলন এদেশের মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি ধমকিতে ভয় পায় না।’ 

দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরো ১০ বছর সময় দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন, জঙ্গি দমন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই। সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।’ 

এর আগে তিনি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর ই আলম ও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। 

গোবিন্দপোটল সরকারি প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা হেনরীন, মিজানুর রহমান দুদু ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোসনসহ আরো অনেকে।

এমএনজে