logo
Search

জাতীয়

নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিশেষ করে পুরোনো ও বিদ্যমান গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসার নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশের বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পায়।

আলোচনায় শেভরনের পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে ভবিষ্যতে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহের কথা তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে শেভরনের সম্ভাব্য নতুন বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এস