চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যাওয়ায় তিনজন নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার শীতলপুর এলাকার সাইনবোর্ড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবদুল খালেক (৫০) ও আতিকুর রহমান (২৭) ও শরীফুল ইসলাম। আহতরা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শীলব্রত জানান, সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় আজ শনিবার সকালে একটি ট্রাক চাল ও যাত্রী নিয়ে শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা যাত্রীরা চালের বস্তা ও ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম নামের একজন মারা যান। এ সময় আহত হন আরও সাতজন।
তিনি আরও জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে আতিকুর রহমান ও আবদুল খালেক নামের দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশগুলো চমেকের মর্গে রাখা হয়েছে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে মহসিন ও আলম নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এমবি





