কোমরের অংশ থেকে দুই পা না থাকা মাদক মামলার এক আসামির হাতে হাতকড়া পরানোর দায়ে চট্টগ্রামের তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল ওই তিন পুলিশ সদস্যকে সদর পুলিশ লাইনে ক্লোজ করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানার ওসি শাখাওয়াত হোসেন, এসআই খোকন চন্দ্র মজুমদার এবং কনস্টেবল শংকর দে।
আদালত সূত্র জানায়, গত ২৭ জুলাই চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে দুই পা বিহীন আবুল হোসেনের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে আবুল হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গত মঙ্গলবার ওই মামলার নির্ধারিত দিনে আবুল হোসেন আদালতে জামিনের আবেদন জানালে তাকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়।
কোমরের অংশ থেকে আসামির দুটি পা-ই না থাকায় দুই হাতের ওপর ভর করে সে চলাচল করে। এই অবস্থায় তার একটি হাতে হাতকড়া পরিয়ে দেওয়ায় আদালত প্রাঙ্গণে তার চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়।
এই নিয়ে আদালত চত্বরে পুলিশের সমালোচনা করতে দেখা যায় সাধারণ মানুষকে। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে ওই আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করার ঘটনায় তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহীদুর রহমান তিন পুলিশকে ক্লোজ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





