সরকার এখন যেকোনও ওয়েবসাইট নিয়ন্ত্রণে সক্ষম দাবি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘সেপ্টেম্বরের পর থেকে ফেসবুক, ইউটিউবে হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করবো।’
আজ শনিবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মোস্তফা জব্বার বলেন, যে জায়গায় সংকট তা হলো সোশ্যাল মিডিয়াতে যখন স্ট্যাটাস দেওয়া হয়, অথবা ভিডিওগুলো প্রচার করা হয়, সেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
তিনি বলেন, এর প্রধান কারণ হচ্ছে, ফেসবুক কিংবা ইউটিউব মার্কিন প্রতিষ্ঠান। তারা আমেরিকান কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিচালনা করে থাকে, তাই আমরা হস্তক্ষেপ করতে পারি না। সুখবর হলো, আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের পর আমরা এক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করবো। অর্থাৎ কেউ ইচ্ছা করলেই ফেসবুকে যা খুশি তাই প্রচার করতে পারবে না।
এর আগে মোস্তাফা জব্বার ২০ হাজারেরও বেশি পর্ন সাইট ও বেটিং সাইট বন্ধের কথা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
এএস





