দায়িত্বে অবহেলার কারণে দুই কারারক্ষীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ দু’জন হলেন- অহিদুজ্জামান ও জসিম উদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে তাদের বরখাস্ত করা হয়। সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর বিষয়টি জানান।
তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে এ দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তবে, এর বেশি কিছু বলেননি তিনি।
এর আগে, বিনা অনুমতিতে বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোজাম্মেল হক ওরফে মোয়াজ্জেমকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়ায় এ দু’জনকে তলব করে কর্তৃপক্ষ। তলব করার ঘণ্টাকয়েক পর তাদের বরখাস্ত করা হলো।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, দুই কারারক্ষী বেলা ১১টার দিকে আসামি মোয়াজ্জেমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। দুপুর ২টায় ঢামেকে আলাদা রুমে আসামিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেন তারা।
এ বিষয়ে মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক সেসময় বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচ তলার একটি কক্ষে বেসরকারি ওয়ার্ড বয় মাসুকের সহযোগিতায় আসামিকে তার স্বজনদের সঙ্গে দীর্ঘক্ষণ দেখা করতে দেওয়া হয়।
এ খবর জানতে পেরে ওয়ার্ড বয় মাসুমকে আটক করে মেডিকেল ক্যাম্প পুলিশ। একইসঙ্গে কারাগারেও খবর পাঠানো হয়।
এমবি





