ঢাকা: রাজধানীতে প্রতারণার অভিযোগে ডাক্তার ও ইঞ্জিনিয়ার পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. আফজাল হোসেন ওরফে আমজাদ হোসেন ওরফে মিলন (৪৮)।
বুধবার গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ প্রসঙ্গে ডিবি’র (পূর্ব) এসি মো. খোরশেদ আলম জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস পাস করা চিকিৎসক ও বুয়েট থেকে পাস করা প্রকৌশলী হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছেন। সে কখনো আফজাল হোসেন, কখনো আমজাদ হোসেন ও কখনো মিলন নামে নিজেকে পরিচয় দিতেন।
গোপন তথ্যের ভিত্তিতে রামপুরা থানা এলাকার মালিবাগ চৌধুরীপাড়ার ২১/বি, নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখিত পাসপোর্টগুলো, ভূয়া ডাক্তারি সনদপত্রসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ১০এপ্রিল(টাইমনিউজবিডি.কম)
[/b]