চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় একটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা সিলগালার পাশাপাশি পরিচালক জুয়েল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে পরিচাললিত  ভ্রাম্যমাণ আদালত  র‌্যাব ও ওষুধ প্রশাসন সদস্যদের উপস্থিতিতে‘জনতা ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক’ প্রতিষ্ঠনকে সিলগালা করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাংবাদিকদের জানান, ‘জনতা ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানটি ওষুধ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কালামিয়া বাজারের একটি বহুতল ভবনের নিচতলায় আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কারখানাটিতে অভিযান চালানো হলে এর কর্মকর্তারা প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে সেখানে থাকা প্রায় ৩০ কার্টন ওষুধ ও মেশিনারি জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও জানান, আয়ুর্বেদিক ওষুধ তৈরির নামে প্রতিষ্ঠানটি মানহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ বাজারজাত করে আসছিল। নগরবাসীর ভেজালমুক্ত ওষুধ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তী সময়েও অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা ওষুধগুলো নষ্ট করার সঙ্গে সঙ্গে অনুমোদনহীন, ভেজাল, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ তৈরি ও বাজারজাতকরণের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালক জুয়েল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একে