বগুড়ার দুপচাঁচিয়ায় সনজান আলী ওরফে শুদ্ধি (৬২) নামে নিখোঁজ ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত ভ্যানটি এখনো উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ চৌমহুনী রাস্তার পাশ্ববর্তী পাওগাছা গ্রামের একটি ধানক্ষেতের কাদা পানি থেকে লাশটি উদ্ধার করে।

নিহত সনজান আলী গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, সনজান আলী মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বুধবার সারাদিন তার সন্ধান করে পাওয়া যায়নি। বুধবার রাতে সনজান আলীর ছেলে রাজ্জাক এ বিষয়ে দুপচাঁচিয়া থানায় জিডি করেন।

পরে বৃহস্পতিবার পাওগাছা গ্রামের এক কৃষক জমিতে গেলে একটি তাল গাছের নিচে লাশটি দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ভ্যানটি উদ্ধার করা যায়নি।

এসএম