গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা পজিটিভ হয়েও নেগেটিভ সার্টিফিকেট নিয়ে প্রবাসীদের বিদেশগমন, বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান প্রভৃতি কেলেঙ্কারির জন্য সরকার দায়ী।

তিনি বলেন, “সরকারের অপরিণামদর্শিতা, চিন্তা না করে কথা বলা ও কোনো বিশেষজ্ঞের পরামর্শ না নেয়া- এসব ভুলের কারণে এ অবস্থা। আজ থেকে দুই মাস আগে চায়না যখন ভ্যাকসিন ট্রায়াল করতে চাইলো, আমি বললাম আজই করেন। তাহলে আমার দেশের লোক উপকৃত হতো। তারচেয়ে লাভ হতো আমাদের জ্ঞান বৃদ্ধি পেত, আমার দেশের লোক শিখে নিতে পারতো।”

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের করোনা রোগীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “টেস্টের পাশাপাশি আমরা গবেষণায় মনোযোগী হচ্ছি। আমরা ৫০ লাখ টাকা সংগ্রহ করেছি গবেষণার জন্য। আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন করছি। বাংলাদেশ সারাবিশ্বে নাম করেছে তার ওষুধনীতির কারণে। ঠিক একইভাবে বাংলাদেশ পৃথিবীতে নাম করতো যদি অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিতো।”

গণস্বাস্থ্য কেন্দ্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ব্যবসায়ীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

পরে ল্যাবরেটরির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম।

গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন-


এ সময় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, গণস্বাস্থ্য কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ও অনুজীববিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ডা. ফিরোজ আহমেদ।

এমবি