করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জন।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫২৮ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৯৩২টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২০টি। এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৫০৮টি।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ১৭ হাজার ৪৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৮৩ হাজার ৪৬৩টি।

আরও জানানো হয়, দেশে বর্তমানে ২০০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৬টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে, আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ, আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

এমবি