কুষ্টিয়ার খোকসায় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার শিমুলিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু'জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা-গড়াই নামে যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া অভিমুখে যাওয়ার সময় শিমুলিয়া বাজারের কাছে আসলে গাড়ির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এ সময় চালকসহ অন্তত ৩০ জন আহত হন।
অধিকাংশ বাস যাত্রী হলেও বাসের ধাক্কায় কয়েকজন পথচারীও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খোকসা থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী দাঊদ জানান, বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএইচ





