যমুনা নদীর মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকা থেকে খননযন্ত্র (অ্যাসকেভেটর) দিয়ে মাটি কেটে নেয়ায় ভ্রাম্যমাণ আদালতে আশরাফুল ইসলাম (৩০) নামে একজনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিব খান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অর্থদণ্ডাদেশ দেন।
আশরাফুল ওই উপজেলার কাতরাশিন গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং বালু ও মাটি ব্যবসায়ী।
শিবালয় থানার অফিসার ইন চার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, কিছুদিন ধরে যমুনা নদীর আরিচা ও এর আশপাশের এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে নেয়া হচ্ছিল। এতে ওইসব এলাকা নদী ভাঙনের হুমকির মুখে পড়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালানো হয়।
অভিযানে একটি খননযন্ত্র জব্দ করা হয়। আর শ্রমিকদের দেয়া তথ্যের ভিত্তিতে খননযন্ত্রটির মালিক আশরাফুলকে আটক করা হয়।
এরপর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাকে অর্থদণ্ড দেয়া হয়।
আইন অনুযায়ী জরিমানার টাকা তিনি পরিশোধ করে ছাড়া পান বলেও জানান ওসি।
কেএইচ





