বৃটিশ আমল থেকে চলে আসা নিয়ম ও রুলস অব বিজনেস ভঙ্গ করে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের (এসপি) আইন-শৃঙ্খলা বৈঠক ডাকার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশ দেয়। চিঠিতে প্রশাসনের চেইন অব কমান্ড অমান্য করে এসপি কেন এমন সিদ্ধান্ত নিলেন তার জবাব চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

গত ৮ জুন নারায়ণগঞ্জ এসপির জারি করা স্মারক নং-৪৭৪৯/ই চিঠির বিষয়বস্তুতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা প্রসঙ্গে।’

রুলস অব বিজনেস অনুযায়ী, জেলা আইন-শৃঙ্খলার বৈঠক ডাকেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এই নিয়ম ভঙ্গ করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রশাসনের উপর খবরদারি করছে বলে মনে করছে সিভিল ও মাঠ প্রশাসন।

বৈঠক ডাকা ওই চিঠির মূল বিষয়বস্তুতে বলা হয়েছিল, ‘জাতীয় সংসদ ২০৮, নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন/২০১৪ উপলক্ষে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপারের কার্যালয়ে আগামী ১২ জুন, সকাল সাড়ে ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ