জঙ্গি দমন সম্পর্কে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া জঙ্গিদের সাথে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম।

রবিবার (২৫ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে। দেশে শান্তি প্রতিষ্ঠা হলেও আমরা কখনো স্বীকার করিনি জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়েছে।

হাসানুল হক ইনু বলেন, প্রকাশ্যে যারা অস্ত্র নিয়ে জঙ্গি উৎপাত করছে বা আক্রমণ করছে তার পেছনে যারা আছে তাদেরকে বিচারের সন্মুখীন করা হবে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্ম্পকে ইনু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা জঙ্গি দমনের যুদ্ধে এখনো জঙ্গির পক্ষেই আছেন।

তিনি আরো বলেন, বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনে অংশ গ্রহণ করলেও তারা জঙ্গির সাথে সম্পর্ক ত্যাগ করেনি।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সবুজ/জারিফ