স্কুলে যেতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভুলুরঘাট এলাকার ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারজানা আকতার (৬) এবং আশা মনি (৮)। দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ঘাতক ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে এলাকাবাসী।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল লতিফ জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। বর্তমানে সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় তাদের মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী ট্রাকচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিক্ষুব্ধ এলাকাবাসীকে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
এআর





