খুলনা বিভাগের ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।
শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এই ধর্মঘটের ঘোষণা দেন।
তিনি বলেন, গত ৮ মে পরিষদের বর্ধিত সভায় সরকারের কাছে তিন দফা দাবি পেশ করে ১৪ মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে এখনও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী ধর্মঘট পালন করা হবে।
বাস, ট্রাক, ট্রাংকলরি এবং কাভার্ডভ্যানসহ সব ধরণের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে বলে জানান তিনি।
তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠ ও নিরপেক্ষভাবে বিচার কাজ শেষ করা করতে হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, সধারণ সম্পাদক মোর্তজা হোসেন প্রমুখ।
উল্লেখ্য, তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা দুটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।
ইআর





