ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
আগামী ১১, ১২ ও ১৩ এপ্রিল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে ইসির উপ-সচিব সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসির পক্ষ থেকে তিনটি তারিখ নির্ধারণ করে রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা মতবিনিময় সভার আয়োজন করে সিইসি ও অন্যান্য কমিশনারদের অতিথি রাখবেন।
তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রার্থীদের সঙ্গে ১১ এপ্রিল, ১২ এপ্রিল চট্টগাম সিটি এবং ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের সঙ্গে সিইসি মতবিনিময় করবেন।
সামসুল আলম আরও জানান, প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য বেশকিছু নির্দেশনা দেয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের কাছ থেকেও কিছু পরামর্শ নেবেন সিইসি।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, উত্তর সিটিতে ১১ এপ্রিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন, চট্টগাম সিটিতে ১২ এপ্রিল চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে পারে।
সভায় নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ইসির উপ-সচিব সামসুল আলম বলেছিলেন, ‘প্রতিবারের মতো সিটি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবেন। এর আগের নির্বাচনগুলোতেও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেগুলোতে কমিশনারদের পক্ষ কেউ অংশ নিলেও এবার সিইসি নিজেই অংশ নিচ্ছেন।
তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন সিটিতে প্রায় দেড় হাজার কাউন্সিলর প্রার্থী ও অর্ধশতাধিক মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।
ইআর





