ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনার বারসহ দুই জাপানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই জাপানি নাগরিক হলেন তাকিও মিমুরা ও সুইচি সাতো।

জাপানি নাগরিকের থেকে ৩০ টি স্বর্ণের বার (১০ টি ১ কেজি ওজনের ও ২০ টি ১০০গ্রাম ওজনের ) আটক করেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো শহিদুল ইসলাম জানান: গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল একে-৭১ বিমানে আগত জাপানি যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানকারী দু’জনকে আটক করে।

তিনি বলেন: যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়। তারা স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তাদের ল্যাগেজ স্ক্যানিং করে কিছু না পাওয়ায় দেহ আর্চওয়ে করে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়।

পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ৩০ টি স্বর্ণবার পাওয়া যায় যার মোট ওজন ১২ কেজি ।

জাপানি নাগরিকের নিকট থেকে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের বিষয়টি বাংলাদেশে এবারই প্রথম বলেও জানান তিনি। আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য ৬ কোটি টাকা (প্রায়)।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এএস