জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জেলহত্যা দিবসে দলমত নির্বিশেষে সবাই জাতীয় চার নেতাকে সম্মান জানিয়েছে। কেবল খালেদা জিয়া এবং বিএনপি এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি বা বিবৃতি দেয়নি। এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক ও রাজনীতির জন্য মর্মান্তিক একটি ঘটনা। সুতরাং বেগম খালেদা জিয়াকে নিয়ে সর্তক হন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা খুনি, জঙ্গি রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি করছেন, তাঁরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
ইনু বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনও খুনিদের রক্ষার রাজনীতি, রাজাকার পোষার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তি পোষার রাজনীতি ও সাম্প্রতিককালের জঙ্গিদের রক্ষার রাজনীতি অব্যাহত রেখেছেন। তাই দেশের মানুষকে তার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।
জাসদ সভাপতি বলেন, চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। সেই বিষবৃক্ষটি হলো বিএনপি নামক দল। এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ ।
সবুজ/এআই





