বাকি মাত্র দুদিন। বিদায় নিচ্ছে ২০১৬। কেমন কেটেছে বছরটা? পেছন ফিরে তাকালে দেখা যাবে হাসি-কান্না, প্রাপ্তি-অপ্রাপ্তির কত যে উপাখ্যান। চোখ বুলিয়ে নিই চট্টগ্রামের আলোচিত ১৫টি ঘটনায়

১. বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে নিহত ৪
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়।

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয় চট্টগ্রামের জেলা প্রশাসনের গঠিত কমিটি। সেখানে বলা হয়, প্রকল্পটি পরিবেশবান্ধব হলেও জনগণকে ভুল বুঝিয়ে সেদিন পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছিল। এ ছাড়া এর পেছনে রাজনৈতিক ইন্ধনও ছিল।

২. মাহমুদা হত্যা, আলোচনায় বাবুল
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে এই মামলা মোড় নেয় অন্য দিকে। ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে পুলিশ তুলে নিয়ে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

এরপর তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি। কিন্তু বাবুল আক্তার জানান, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন তিনি। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’

৩. রোয়ানুর তাণ্ডব
গত ২১ মে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রোয়ানু। তীব্র বাতাসের সঙ্গে ধেয়ে আসা ঝড়টিতে চট্টগ্রামের সন্দ্বীপ, সীতাকুণ্ড, বাঁশখালী, আনোয়ারাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। ফলে ক্ষতি হয় রবিশস্যের। ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম নগরের বেশ কিছু অংশ। লন্ডভন্ড হয়ে যায় পতেঙ্গা উপকূল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৪. আনোয়ারায় বিস্ফোরণ
অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক ফেটে দুর্ঘটনা ঘটে ২২ আগস্ট। ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া গ্রামে অবস্থিত ডিএপি-১ সার কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ৫০০ টন ধারণক্ষমতার ট্যাংকটিতে ৩৪০ টন তরল অ্যামোনিয়া ছিল। দুর্ঘটনার পর বাতাসে গ্যাস ছড়িয়ে পড়েছিল শহরের হালিশহর এলাকা পর্যন্ত। আতঙ্কিত হয়ে পড়েন নগরের বাসিন্দারা। গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়া ৫২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

৫. ছাত্রলীগ নেতা দিয়াজের লাশ উদ্ধার
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ২৪ নভেম্বর দিয়াজকে হত্যার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের নয় নেতা-কর্মীর বিরুদ্ধে তাঁর মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলা করেন। প্রথম ময়নাতদন্তে বলা হয়, মৃত্যুর কারণ আত্মহত্যাজনিত। পরে কবর থেকে তাঁর লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে করা দ্বিতীয় দফা ময়নাতদন্তে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাতজনিত কারণে দিয়াজের মৃত্যু হয়েছে।

৬. মেয়রের ৫ শতাংশ বিতর্ক
গত ১০ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। প্রকল্প পাস হওয়ার পর মন্ত্রণালয়ের অর্থছাড়ের দীর্ঘসূত্রতার সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অসহযোগিতার বিষয়ে ক্ষোভ ঝাড়লেও কোনো মন্ত্রণালয়ের নাম উল্লেখ করেননি তিনি। মেয়রের এই বক্তব্যের পর ব্যাপক আলোচনা হয়। এ ঘটনার পরদিন ১১ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রকে চিঠি দেওয়া হয়।

৭. মন্ত্রী-সাংসদ বিতণ্ডা
চট্টগ্রামের উন্নয়নে উড়ালসড়কের কার্যকারিতা নিয়ে গত ৯ এপ্রিল তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সাংসদ আফছারুল আমীন। তর্কের একপর্যায়ে আফছারুল আমীন মন্ত্রীর দিকে তেড়ে যান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ বিশিষ্টজনেরা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। ওই দিন রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে।

৮. ‘হুজি’ পাঁচ জঙ্গি গ্রেপ্তার
বছরের শেষ দিকে ৮ ডিসেম্বর ভোরে র্যা ব-৭-এর সদস্যরা চট্টগ্রাম নগরের এ কে খান মোড় ও উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, বোমা, বিস্ফোরকসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন ফরিদপুরের মাওলানা মো. তাজুল ইসলাম (২৭), যশোরের মো. নাজিমউদ্দিন (৩৮), ঝিনাইদহের আবুজার গিফারী (২২), নীলফামারীর নুরে আলম ইসলাম (২২) ও রংপুরের শেখ ইফতিশাম আহমেদ (২৩)। অভিযান শেষে র্যা ব জানায়, পাঁচজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশের (হুজি-বি) সঙ্গে জড়িত। আসামিদের দাবি, তাঁরা হুজি নন।

৯. আবারও অ্যাসিড–সন্ত্রাস
সাবেক স্বামীর প্রতিহিংসার শিকার হয়ে গত ২৬ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় ঝলসে যায় শেলী আক্তারের মাথা, মুখসহ শরীরের ১৫ শতাংশ। এ ঘটনায় রেহাই পাননি শেলীর পাশে থাকা মা হোসনে আরা বেগমও। অ্যাসিডে তাঁর শরীরের ১০ শতাংশ পুড়ে যায়। শেলীর ‘অপরাধ’, স্বামীর নির্যাতন সইতে না পেরে তিনি বিচ্ছেদের পথ বেছে নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন। ঘটনার তিন দিন পর ২৯ সেপ্টেম্বর দুপুরে অ্যাসিড নিক্ষেপকারী শেলীর সাবেক স্বামী মো. জাহাঙ্গীরকে ঢাকার রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অ্যাসিডদগ্ধ শেলী দেড় মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। অ্যাসিডদগ্ধ শেলীর পাশে দাঁড়িয়েছে প্রথম আলো।

১০. জায়গা হলো না নোমানের
প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আবদুল্লাহ আল নোমান দলের স্থায়ী কমিটিতে জায়গা না পাওয়ায় তাঁর অনুসারীরা হতাশ হন। এতে নোমানও মনঃক্ষুণ্ন হয়েছেন। ৬ আগস্ট স্থায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সেখানে চট্টগ্রাম থেকে শুধু আমীর খসরু মাহমুদ চৌধুরী জায়গা পেয়েছেন। স্থায়ী কমিটিতে নিজের নাম না থাকায় বিএনপি থেকে পদত্যাগ করারও পরিকল্পনা নিয়েছিলেন আবদুল্লাহ আল নোমান। পরে দলের শীর্ষ নেতৃত্বের আশ্বাসে নোমান ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন।

১১. আ.লীগে নওফেলের উত্থান
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মুহিবুল হাসান চৌধুরী নওফেলের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়া ছিল চট্টগ্রামের রাজনীতিতে আলোচিত ঘটনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পর গত ২৫ অক্টোবর নওফেলের নাম সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। গত বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হওয়ায় সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রভাব কিছুটা খর্ব হয়। নওফেল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে ভারসাম্য ফিরে আসে।

১২. কর্ণফুলীর তলদেশে টানেল
গত ১৪ অক্টোবর চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট িস চিন পিং। নদীর তলদেশে টানেলের দৈর্ঘ্য হবে ৩ হাজার ৫ মিটার (তিন কিলোমিটারের বেশি)। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা। ২০২০ সালের জুনের মধ্যে টানেলের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এই টানেল নদীর পূর্ব তীরের আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলাকে চট্টগ্রাম নগরের সঙ্গে যুক্ত করবে।

১৩. মিরাজের নৈপুণ্য
২৭ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পর্দা ওঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ জিতে একটি স্বপ্নের আশা জাগায়। তবে শেষ পর্যন্ত ঢাকায় ভারতকে হারিয়ে ওই শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। শিরোপার কাছে যেতে না পারলেও এই টুর্নামেন্টে ব্যাটে–বলে নৈপুণ্য দেখিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ঠাঁই করে নেন জাতীয় দলে। পরেরটি ইতিহাস।

১৪. বিপিএলের আসর
প্রথমবারের মতো চট্টগ্রামে বসে বিপিএলের আসর। ১২টি দলের অংশগ্রহণে ২৪ জুলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ লিগের পর্দা ওঠে। এর আগে ২১ জুলাই একই স্টেডিয়ামে বিভিন্ন ব্যান্ড ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে হয় উদ্বোধনী অনুষ্ঠান।

১৫. আন্তর্জাতিক আর্ট ক্যাম্প
বছরের শেষ দিকে ৫ থেকে ৭ ডিসেম্বর চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবের অংশ হিসেবে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৯ জন শিল্পীকে নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। শিল্পীদের আঁকা এসব ছবি প্রদর্শিত হবে ১৮তম এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবে।

মাহমুদ