গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আজও সরকারিভাবে গম সংগ্রহ শুরু না হওয়ায়লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।
গত বছরে কৃষকরা গম চাষ করে বেশি লাভবান হওয়ায় এ বছর অধিক পরিমাণ জমিতে গম চাষ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর ১ হাজার ৮০০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় প্রতি বিঘা জমিতে ১০/১১ মণ গম উৎপাদন হয়েছে। ভরা মৌসুমে গমের বাজার দর কম হওয়ায় কৃষক উৎপাদন খরচ তুলতে পারছেন না। সেই লক্ষ্যে সরকারিভাবে গম ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মণ্ডল জানান, এ বছর এ উপজেলায় ২৮ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৪৬৪ মেট্রিক টন গম ক্রয় করা হবে।
সরকারিভাবে গম ক্রয়ের সিদ্ধান্ত হলেও আজও উপজেলায় গম সংগ্রহ অভিযান শুরু হয়নি।
সরকারিভাবে গম সংগ্রহে বিলম্ব হওয়ায় কৃষক খোলা বাজারে ২০ টাকা কেজি দরে গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
কৃষক ফজলার রহমান, আব্দুস সামাদ, রেজাউল করিমসহ অনেকে বলেন, সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় গম চাষ করে এখন তাদের লোকসান গুনতে হচ্ছে।
এমআইএস





