যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া ভুরভুরা বিল থেকে শুক্রবার নয়ন শেখ (২৭) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গ্রামবাসী জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে তারা উপজেলার বাগুটিয়া ভুরভুরে বিলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
অভয়নগর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, নয়নকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে খুন করেছে। এ ছাড়া তার একটি চোখও উৎপাটন অবস্থায় পাওয়া গেছে।
লাশের পাশ থেকে একটি চাপাতি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, নিহত নয়ন অভয়নগর উপজেলার শংকর পাশা গ্রামের খোকন শেখের ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর ও খুলনার ফুলতলা থানায় একাধিক মামলা রয়েছে।
নয়ন হত্যার জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।
কেএইচ





