সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে আয়মনা বেগম (৬০) নামে এক গৃহবধূ নিহত ও ১২ জন আহত হয়েছেন।

উপজেলার ধানগড়া ইউনিয়নের পূর্ব জয়ানপুর গ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়মনা বেগম ওই গ্রামের কুরান আলীর স্ত্রী। আহতদের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, উপজেলার জয়ানপুর পূর্বপাড়া জামে মসজিদের টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ক্যাশিয়ার আরশেদ আলীর কাছে মসজিদ কমিটির সদস্যরা টাকা চাইলে ফান্ডে টাকা নেই বলে জানান। তখন তার কাছে টাকার হিসাব চাওয়া হয়। এ সময় ওয়াজ আলী এবং হযরত আলী গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

পরে বিষয়টি নিয়ে রাতে এশার নামাজ শেষে এক সমঝোতা বৈঠক হয়। এ সময় সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে সংঘর্ষ থামায়। এতে কমপক্ষে ১২ জন আহত হন। এরই একপর্যায়ে জানা যায়, সংঘর্ষে আহত এক নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে রাত ৩টার দিকে পার্শ্ববর্তী একটি স্থানে নিখোঁজ কুরান আলীর স্ত্রী আয়মনা বেগমের লাশ পাওয়া যায়।

এ বিষয়ে ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান সংঘর্ষ এবং নিহতের ঘটনার কথা স্বীকার করে জানান, বিষয়টি স্পর্শকাতর। এটি গভীর তদন্তের বিষয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, নিহত আয়মনা বেগম ওই মসজিদের ক্যাশিয়ার আরশেদ আলীর কাছের আত্মীয়। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ইআর