নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগামী নির্বাচনের প্রার্থী তালিকায় আইভির নাম বাদ দিয়ে অপর তিনজনের নাম কেন্দ্রে পাঠানো মহানগর আওয়ামী লীগের কার্যক্রমকে ‘স্বাভাবিক’বলেছেন বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী।
গত মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে সভাপতি আনোয়ার হোসেনসহ আরো দুইজনের নাম প্রস্তাবনা আকারে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের পরদিন বুধবার নগর ভবনে সাংবাদিকদের সামনে একথা বলেন নবগঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আইভী। আইভি গত নির্বাচনেও প্রতিকূল পরিস্থিতিতে দলীয় প্রার্থী শামীম ওসমানকে এক লাখ ভোটে পরাজিত করেছিলেন।
সাংবাদিকদের মেয়র আইভী বলেন, যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল এ দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে। এটা অস্বাভাবিকের কিছুই না। এটা হতেই পারে। বহু জায়গায় এরকম হয়েছে। সেটা কোনো ব্যাপার না। তবে দল যাকেই সিদ্ধান্ত দেওয়ার কথা মনে করে সেটাই হবে। নাম পাঠায় নাই বলেই সবকিছু শেষ হয়ে যায় নাই।
এক প্রশ্নের জবাবে আইভী বলেন, নিজের মনোনয়ন অবশ্যই চাইবো। প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। দেশে এলেই দেখা করতে যাবো।
এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনজনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভীর নাম না থাকা প্রসঙ্গে ওইদিন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন শীল বলেন, সভায় উপস্থিত কোন একজন নেতাও আইভীর নাম প্রস্তাব না করায় তার নাম দেওয়ার সুযোগ নাই।
এর আগে মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ৩ সদস্যের প্যানেল তৈরি করে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ওই নির্দেশনায় বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তার বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসে একজনকে নারায়গঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দেবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ভোট অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ২৪ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। যাচাই বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আর ৪ ডিসেম্বর হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
নারায়ণগঞ্জে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম। নারায়ণগঞ্জে গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। ২০১১ সালে নির্দলীয় ওই নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র হন সাবেক চেয়ারম্যান আইভী। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। পরে ওই বছরের ৩০ অক্টোবর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়।
এমই





