নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের বহনকারী ৩ টি মাইক্রোবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ।

আজ বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকায় শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে সোনাপুর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে । এতে দুই চালক আহত হন ।

মাইক্রোবাসে অবস্থানরত শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন বলেন , “দুর্বৃত্তরা গাড়ির গ্লাসগুলো শুধু ভাংচুর করেছে । শিক্ষকদের মধ্যে কেউ গুরুতর আহত হয়নি। এটা উদ্দেশ্য প্রনোদিতভাবে আতংক সৃষ্টি করার জন্য এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি” ।

তবে চালকদের সাথে কথা বলে জানা যায় গাড়িগুলোর গ্লাস ভাংচুর করার কারনে গাড়িতে অবস্থানরত হারুন এবং ফারুক নামে দুজন গাড়িচালক আহত হয়েছেন ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুশফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা করা হয়েছে । দুর্বৃত্তদের তো চেনা সম্ভব হয়নি । তবে এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসন কে জানানো হয়েছে তাঁরা তাঁদের মত ব্যবস্থা গ্রহণ করবেন” ।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে অবস্থান নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ।


আরাফাত/এএস