চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হওয়া এক আইনজীবী করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন।
শনিবার (০৬ জুন) বিকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল কায়সার বেলাল নামে ওই কর আইনজীবী মারা যান।
তার ছোট বোন শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৭ বছর বয়সী নুরুলের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
নুরুল কায়সার বেলাল চট্টগ্রাম জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি নব্বইয়ের দশকে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম নগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সাথেও যুক্ত ছিলেন।
শিরিন আক্তার জানান, ৮-১০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে তার ভাইয়ের ডেঙ্গু ধরা পড়ে। তখন শ্বাসকষ্ট হলে তাকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর পরিস্থিতির অবনতি হলে শুক্রবার তাকে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শনিবার (০৬ জুন) বিকালেই তার মৃত্যু হয়।
শুক্রবারই ম্যাক্স হাসপাতাল থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নুরুলের নমুনা নেওয়া হয়েছিল। পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানান শিরিন।
এমবি





