কুষ্টিয়ায় পৌর এলাকার ১৮ নং ওয়ার্ডের উদিবাড়ী দায়রাপাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে জেনেও ঝুঁকিপূর্ণ এ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা।
ভবনের প্রতিটি দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে। ছাঁদ থেকে প্রতিনিয়ত ঝড়ে পড়ছে বালি। ছাদের ইটের খোয়া যেন আর ছাদে থাকতে চাইছেনা। এমন জড়াজীর্ণ পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শির্ক্ষাথীদের পাঠদান ও শিক্ষকদের অফিসের কার্যক্রম।
১৯৫৩ সালে স্থাপিত এই বিদ্যালয়টি জাতীয় করণ করার পরে ১৯৬৯ সালে নব ভবন নির্মাণের সময় নিম্নমানের ইট, রড ও খোয়া ব্যবহারের ফলে বিদ্যালয় ভবনটি ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে। পূর্ব থেকেই বিদ্যালয়টি লেখাপড়ায় অনেক এগিয়ে। পরীক্ষার ফলাফলও বেশ প্রশংসনীয়।
আগে প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি থাকতো বেশ ভালো। বর্তমানে বিদ্যালয়টি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভবনটিতে ক্লাস করছে না ছাত্র-ছাত্রীরা। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে। আবার অনেক অভিভাবক ভবন ভেঙ্গে পড়ার আশঙ্কায় তাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠাচ্ছে না বলে জানা গেছে।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনের করুণ অবস্থার কারণে দিনদিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। নষ্ট হচ্ছে লেখাপড়ার মান।
তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ের ৫শ শিক্ষার্থীদের জন্য নতুন ভবনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বার বার আবেদন করেছি কিন্তু কোন আশানুরূপ ফল পাইনি।
ফলে তিনি বিদ্যালয়ের ভবন নির্মাণের ব্যপারে কুষ্টিয়া জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।
অপর দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান ১৮ নং পৌর ওয়ার্ড কাউন্সিল মোঃ শাহজালাল বলেন, আমি বিদ্যালয়ে সভাপতি হয়ে বিদ্যালয়ের সমস্ত বিষয় খেয়াল রাখি কিন্তু বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ব্যাপারে বেশ কিছু দপ্তরে জানিয়েছি আশা করছি খুব দ্রুত বিদ্যালয়ের ভবন সমস্যা সমাধান হবে।
এমআইএস।





