টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্রী রাফাহ তাসনিহ নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তার ও কলেজ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে হাজার হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় মহাসড়কের উভয় পাশে এবং টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গাজীপুর-টঙ্গী-কালীগঞ্জ-আব্দুল্লাহপুর কার্যত অচল হয়ে পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারিরা। পুলিশের লাঠিচার্জ এ আহত হয়েছে অন্তত ৩০ শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, নিহত রাফার ঘাতক বাস চালককে গ্রেপ্তার ও কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রীজ নির্মানের দাবি জানিয়ে আসছি আমরা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না।
ইতিপূর্বেও বেশ কয়েকবার ফুটওভার ব্রীজ তৈরির দাবি জানালে আমাদের আশ্বাস দিয়ে বিদায় করে দেয়ার পর আর কোনো অগ্রগতি হয়নি বলেও জানান শিক্ষার্থীরা।
তাদের এই দাবি না মানায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। এতে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী সাধারণ।
খবর পেয়ে টঙ্গী থানা, শিল্প ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রছাত্রীদের মহাসড়কে থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে তারা আরো বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে বসে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের উঠিয়ে দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে।
পুলিশের এলোপাথাড়ি লাঠিচার্জে আখি আক্তার, মাইশা জাহান, সাদিয়া আক্তার, তিশা আক্তার, রহমত উল্লাহ, মিকাত, সাব্বির হোসেন, তারেক হাসানসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ঘটনাস্থলে এসে ঈদের পরে কলেজগেট এলাকায় একটি ফুটওভারব্রীজ নির্মানের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। অবরোধ তুলে নিলেও মহাসড়কের উভয়পাশে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
এব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, ‘সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা সকাল ৮টার দিকে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে মহাসড়ক থেকে উঠিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।’
এব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘যোগাযোগ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। ঈদের ছুটির পরেই কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রীজ নির্মাণের কাজ ধরা হবে।’
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় কোচিং শেষে স্থানীয় দত্তপাড়া বাসায় ফেরার পথে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাফাহ তাসনিহ গাড়ি চাপায় নিহত ও তার মা রাবেয়া খাতুন গুরুতর আহত হন।
এসএম





