নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাত শ্রমিককে আটক করায় বুধবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন ট্রাক-শ্রমিকেরা।

শহরের চাষাঢ়ায় সড়কের ওপর এলোপাথাড়ি ট্রাক রেখে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কসহ পুরো শহরে যান চলাচল বন্ধ রেখে শ্রমিকেরা বিক্ষোভ দেখান।

জানা গেছে, নিতাইগঞ্জে ট্রাক রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ও রাতে পৃথক সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পুলিশ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে মামলা দায়ের করে। কয়েকজন শ্রমিক নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ ও আরও ৭০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর সোয়া ১২টায় আকস্মিকভাবে শহরের চাষাঢ়ায় এলোপাথাড়ি ট্রাক রেখে সড়ক অবরোধ করেন ট্রাক-শ্রমিকেরা। তারা সড়কে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও চাষাঢ়া শহীদ মিনারে প্রতিবাদ সভা করেন।

বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান বলেন, এমপি সেলিম ওসমানের আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর যেহেতু শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেটা ফাইনাল প্রতিবেদন দেবে পুলিশ। আদালত থেকে জামিনে বের করা হবে শ্রমিকদের।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমিকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এমপির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গ্রেফতারদের আইনি প্রক্রিয়াগতভাবেই ফয়সালা হবে।

জেআই