ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, বন্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আর এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। সমন্বিতভাবে চেষ্টা করে ডেঙ্গুকে আমরা জয় করব বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্তী ওবায়দুল কাদের।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনের আগে দলের সম্পাদকমণ্ডলীর সভা হয়। সভায় লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। তিনি প্রায় ২৫ মিনিট দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলাপ আলোচনা করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী লন্ডন থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা মিটিংয়ে বসেছি এটা তিনি লক্ষ্য করেছেন। প্রায় ২৫ মিনিটের মতো তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

ডেঙ্গু মোকাবিলার দুই সিটিকরপোরেশনে মেয়রের ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা এখন কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী দুই সিটি করপোরেশনের মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলেছেন।

দুই মেয়রের অসংলগ্ন কথার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, কথা বার্তা স্লিপ হতে পারে। সবাই মানুষ।

যেকোনো বিষয়ে প্রধানমন্ত্রী কথা না বলা পর্যন্ত প্রসাশন নিষ্ক্রিয় থাকে, এ অভিযোগটির বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, দেশে যেকোনো জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, এবারও বলেছেন। এটাই স্বাভাবিক। তার কথা সবাইকে এনকারেজ করে।

ফেরিঘাটে উপসচিবের গাড়ির জন্য ফেরি আটকে থাকায় এক কিশোরের মৃত্যু হওয়ার ঘটনায় সরকারের প্রতিক্রিয়ার বিষয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন যে যত ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী হোন না কেন, সে আমাদের দলের হোক কিংবা সরকারের হোক কেউ অন্যায় করে পার পাবেন না। প্রত্যেকটা বিষয়ে তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ তিনদিনব্যাপী কর্সসূচি পালন করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের করণীয় আছে। শুধু সরকারি দায়িত্বের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমিত করতে চাই না। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করব। পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করব। যেটা সারা বাংলাদেশে ৩১ জুলাই সকাল ১১ টা থেকে থেতে শুরু হবে। লিফলেট বিতরণ করব।

এসএম