আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮২ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এর মধ্যে ছয়জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত ইউপি সদস্য এবং ৬৪ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন।বুধবার যাচাই-বাছাই শেষে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা যৌক্তিক কারণে এসব
প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানান, দলীয় মনোনয়ন না থাকা সত্ত্বেও প্রার্থী হওয়া, হলফনামা পূরণ না করা এবং মামলায় দ-সহ বিভিন্ন ত্রুটির কারণে খুলনায় মোট ৮২ জনের প্রার্থিতা বাতিল করা হয়।
বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- তেরখাদা উপজেলা সদরের এইচ এম পারভেজ ও মধুপুর ইউনিয়নের আক্তার হোসেন, দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুর রহমান লিংকন, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের মেহেদী হাসান বিপ্লব ও রংপুর ইউনিয়নের আশিষ মন্ডল এবং পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শেখ আব্দুর রব মিঠু।
এছাড়া বাতিল হওয়া তেরখাদায় সাধারণ ইউপি সদস্য তিনজন, দিঘলিয়ায় সাধারণ ইউপি সদস্য চার ও সংরক্ষিত ইউপি সদস্য এক, দাকোপে সাধারণ ইউপি সদস্য তিন, পাইকগাছায় সাধারণ ইউপি সদস্য এক ও সংরক্ষিত ইউপি সদস্য এক, ডুমুরিয়ায় সাধারণ ইউপি সদস্য ১২ ও সংরক্ষিত ইউপি সদস্য তিন, ফুলতলায়
সাধারণ ইউপি সদস্য সাত ও সংরক্ষিত ইউপি সদস্য এক, কয়রায় সাধারণ ইউপি সদস্য এক ও সংরক্ষিত ইউপি সদস্য এক এবং রূপসায় বাকি প্রার্থীরা রয়েছেন। খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। শুনানি শেষে ১ মার্চ রায় দেওয়া হবে।
রবিন/আলম





