সাভার পৌর এলাকার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে দু’টিকে জরিমানা ও একটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার থানা রোড, বাজার বাসস্ট্যান্ড ও রেডিও কলোনি এলাকায় বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান, কাগজপত্র নবায়ন না থাকায় সাভার জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা ও মনোরম ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া রেডিও কলোনি এলাকার উত্তরা মার্কেটে অবস্থিত সিনহা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া সাভার সেন্ট্রাল হাসপাতালের দুই সেবিকার কোনো সনদ না থাকায় তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শেফালিকা দাস, আবাসিক মেডিকেল অফিসার মো. আমজাদুল হকসহ উপজেলার ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই