সিলেট:সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় একটি মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা, মা ও মেয়েসহ চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
নিহতদের সবাই মাইক্রবাসের যাএী বলে জানা যায়। ঘটনাস্থলেই বাবা, মেয়ে ও মাইক্রোবাস চালক এবং পরে মা হাসপাতালে মারা যান।
সবার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বুধবার সকাল পৌনে ১১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত চার জনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন বাবা, মা ও মেয়ে। বাবার নাম নূরুল আফসার (৪৫) ঢাকা অগ্রণী ব্যাংক প্রধান শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও মেয়ের নাম ফাতেমা বেগম (১৮) ও মায়ের নাম তাসলিমা বেগম (৩৮)। নিহত অপরজন মাইক্রোবাসের চালক বলে জানিয়েছেন আরেক আহত যাত্রী বেলাল আহমেদ।
অগ্রণী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, নূরুল আফসারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়, তিনি তার ভায়েরাসহ মোট নয়জন চট্টগ্রাম থেকে সিলেটে বেড়াতে আসছিলেন।পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে, সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরসালিন জানান, যাত্রীবাহী বাসটি (ঢাকামেট্রোব১৫-৫৬২৯) ঢাকার উদ্দেশে এবং মাইক্রো বাসটি (ঢাকামেট্রোচ১৫-১৯৭৭) সিলেটের উদ্দেশে যাচ্ছিল।
তিনি আরো জানান, দুর্ঘটনাটি কী কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি।
ইআর





