ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণের দায়ে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র সউদ মঞ্জুরুল কবির রিপনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) ফরিদ হোসেন বুধবার বিকালে এ রায় দেন। রায়ের পর প্যানেল মেয়র জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

এর আগে মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন। দণ্ডাপ্রাপ্তদের মধ্যে শহরের মল্লিক পাড়ার মৃত টগরের ছেলে শাহীকে (৩৫) ১ বছরের এবং ঘোষ পাড়ার মৃত মাধব চন্দ্রের ছেলে রাজকুমার ও মৃত আব্দুল মান্নানের ছেলে হিরককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
সদর থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) উত্তম কুমার জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পশু হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিন যুবককে আটক করা হয়। পরে ভূমি অফিস চত্বরে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে আটকদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯.৭ এর (ক) ধারায় কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র রিপন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনকে আক্রমণের চেষ্টা ও সরকারি কাজে বাধা প্রদান করেন। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি কর্মকর্তাকে আক্রমণের দায়ে ১৫২ ধারায় প্যানেল মেয়র রিপনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ দিনের কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক সেবনকারীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া প্যানেল মেয়র রিপন আদালতের কাজে বাধা প্রদান করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই