হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। নাশকতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতরের নির্দেশে গত সোমবার থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। নিরাপত্তার অংশ হিসেবে যাত্রী ছাড়া দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বুধবার বিকালে খোঁজ নিয়ে বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার (মিডিয়া) তানজিনা আক্তার জানিয়েছিলেন, শাহজালাল বিমানবন্দরে নাশকতার হুমকির তথ্য পেয়ে নিরাপত্তা জোরদার করা হয়। এ ছাড়া যাত্রীদের কড়া তল্লাশির নির্দেশ ও দর্শণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি দেশে আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে এ কারণে যেসব বিমানবন্দর থেকে বিদেশে যাওয়া যায় সেসব বিমানবন্দর কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বুধবার বিকালে যোগাযোগ করা হলে এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসরিন আক্তার জানান, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে নিষেধাজ্ঞা কতদিন থাকতে পারে সেটি নিশ্চিত করেননি তিনি।
এদিকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থেকে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যাস করতে এবং মেরামতের জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
নিরাপত্তা জোরদারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেঢালা ভাব চলছিল। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঢিলেঢালা ভাব চলে না। তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বিমানবন্দরে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
কেএইচ





