রাজনৈতিক সহিংসতা বন্ধে রাষ্ট্রকে যত ধরনের কঠোর হওয়া দরকার ততো কঠোর হতে বলেছি, কিন্তু তাতে দেখেছি আইনশৃংঙ্খলা বাহিনীর দৌরাত্ম অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। এর ফলে এদের ওপর মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রান পেতে হবে, নইলে আরো ভয়াবহ পরিবেশের সৃষ্টি হবে বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার (৩মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে‘ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি এ অনুরোধ জানান।

ড.মিজানুর রহমান বলেন, “আপনারা যদি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কাউকে আটক করে থাকেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সততার সংঙ্গে আদালতে হাজির করবেন। দুই-তিন দিন আটক রাখার পর ২৪ ঘণ্টার তারিখ দিয়ে আদালতে তুলে জনগণের সংঙ্গে তামাশা করবেন না।”

আটককৃত আসামীদের আদালতে হাজির করা নিয়ে তামাশা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন।

রাজনীতিবিদরা শাস্তির উর্ধে এমন মন্তব্য করে মিজানুর রহমান বলেন, “রাজনীতি করলে শাস্তির উর্ধে উঠে যায়। রাজনীতিবিদ হলে তাদের আটকাদেশ ৪০ দিন কেন ৮০ দিনেও পৌছে না। যদি রাজনীতি করেন, তাহলে রাষ্ট্রের আইন আপনার জন্য এমন মানসীকতা পরিহার করতে হবে।

নাটকে-সিনেমায় পুলিশের পোশাক পড়া যাবে না এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “নাটক-সিনেমায় পুলিশের পোশাক পরে অভিনয় করা যাবে না, এমন সিদ্ধান্ত মুক্তচিন্তার পথে একটি অন্তরায় সৃষ্টি। রাষ্ট্রের কতটা মাথা খারাপ হলে এমন উদ্ভট সিদ্ধান্ত নিতে পারে।”

এসময় তিনি বিরোধী জোট ও রাষ্ট্রকে অনুরোধ জানিয়ে বলেন, “রাজনীতির নামে আপনাদের এসব সহিংসতা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের কাছে অনুরোধ, রাষ্ট্র তুমি সংযত ও জনবান্ধব হও, রাষ্ট্রের মানুষের জন্য প্রতিবন্ধক হও।”

সেমিনারে অধ্যাপক আলাউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান প্রমূখ।

এমএ/এমকে/কেএইচ