বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশীট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।
শনিবার দুপুরে শহরের হরি কিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজার মোড়ে আসলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহ শিব্বির আহমেদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, সহ সাধারণ সম্পাদক রফিক খান, ফরহাদ আলী, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মাসুদ, মোঃ আলমগীর হোসেন, আজিজুল হক, মোজাম্মেল হোসেন সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। বিরোধী দল নির্মূল করার জন্য সরকার যতবেশি নির্যাতন চালাবে বিরোধী দলের জনপ্রিয়তা তত বেশী বাড়বে।
বক্তারা আরও বলেন, ভোটারবিহীন বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে।
এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এমকে





