নারী কেলেঙ্কারীর অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ইউপি ভবনে তালা দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মসূয়া ইউনিয়নের ইউপি ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এলাকাবাসী জানান, মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একজন নারীর অসামাজিক কার্যকলাপের ভিডিও চিত্র প্রকাশকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা মসূয়া ইউপি ভবনের প্রধান দুটি কক্ষে তালা লাগিয়ে দেন।

মসূয়া একতা সংঘের সভাপতি আসাদুজ্জামান জানান, আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, সন্ত্রাসীরা গত দুই সপ্তাহ ধরে আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

তিনি আরো জানান, নারীর ভিডিও চিত্র’র ব্যাপারে আমার কিছু জানা নেই।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, ইউপি ভবনে তালা দেওয়ার বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে