সাতক্ষীরায় স্কুলের চালে উঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ধসে পড়ে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভোমরা বঙ্গবন্ধু আদর্শ যুব সংঘের আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

নিহতদের একজনের নাম সাদ্দাম হোসেন (২০)। সে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অপরজনের নাম ফরিদুল ইসলাম (১৮)। সে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের করিম গাজীর ছেলে।

ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীদাড়ি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ব্যাপক জনসমাগম হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবীর। বক্তব্য শেষে সঙ্গীত পরিবেশন শুরু হয়। এ সময় অনেকেই মাঠে জায়গা না পেয়ে স্কুলের টিনের চালের ওপর ওঠে অনুষ্ঠান দেখতে। একপর্যায়ে চাল ও দেওয়ালের এক অংশধসে পড়ে দুইজন নিহত ও চার জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেএইচ