নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকাতে সেন অ্যান্ড কোং নামের একটি মদের দোকানে অভিযান চালিয়ে ৮,৪৭০ লিটার দেশীয় মদসহ ৬ জনকে আটক করেছে র্যাব।
সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন র্যাব-১১ এর এমটি টিম।
র্যাবের এক কর্মকর্তা জানান, সেন অ্যান্ড কোং নামের দোকানে নিয়ম বহির্ভূতভাবে মদ বিক্রি হচ্ছে অভিযোগ পেয়ে সকালে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে মদ তৈরি ও বিক্রির সময়ে ৬ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- দোকান মালিক হাসান ইমাম, মোহাম্মদ বাবুল, গুরুচন্দন সাহা, গিয়াসউদ্দিন রুবেল, শাহআলম ও সামছুল হক।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাবের ডিএডি খন্দকার আসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শহরের টানবাজার এলাকায় ব্রিটিশ শাসনামলেই টানবাজার ইয়ার্ণ মার্চেন্ট ক্লাবের পাশেই একটি গলির মধ্যে পুরাতন জরাজীর্ণ ভবনের নিচতলায় অবস্থিত সেন কোম্পানির দোকানটি। যা বাংলা মদের দোকান হিসেবে পরিচিত। এর ঠিক পাশেই রয়েছে টানবাজার পুলিশ ফাঁড়ি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) এর অফিস।
সেন কোম্পানির বর্তমান মালিক হলেন ইমাম হাসান। তিনি তার পূর্ব পুরুষের উত্তরাধিকার সূত্রে এ দোকানের মালিক। স্বাধীনতার অনেক পরে বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সুইপারদের কাছে মদ বিক্রির অনুমতি পায় এ সেন কোম্পানি। সেন কোম্পানি থেকে প্রতিদিন সকালেই জেলার বিভিন্ন স্থানে মদ পৌছে দেয়া হয়। তবে এ সকল মদ সাধারণত খুব ভোরবেলাতেই গন্তব্যস্থলে পৌছে যায়। ভোরবেলায় সেন কোম্পানির দোকানের সামনে বস্তায় ভরা হয় মদের বোতল। এর নির্দিষ্ট স্থানে লোক মারফত তা পৌছে দেয়া হয়।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





