টাঙ্গাইলের কালিহাতীতে একই স্থানে একই সময় দুই রাজনৈতিক দলের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতী বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকা ও ঘাটাইলের হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জানান, সম্প্রতি কালিহাতীতে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত-আহতদের ক্ষতিপূরণ ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠে সমাবেশের ডাক দেয়।
এদিকে একই দিন একই সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারও ওই স্থানে সমাবেশের ডাক দেন।
দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমকে





