আশুলিয়ার শ্রীপুর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর মোজার মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এসএম সোলায়মান জানান, আজ সকালে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল।

বাসটি মোজার মিল এলাকায় পৌঁছালে বেপরোয়াগতির অপর একটি বাস ধাক্কা দিলে নবীনগরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্য বিভাজনের উপর উল্টে যায়।

এতে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এমবি