যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ (১৫ মার্চ) রোববার ভোরে চৌগাছা উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জহুরুল আন্দুলিয়া গ্রামের প্রাইমারী স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়।
তিনি আরও বলেন, পুলিশের গুলির মুখে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠায়।
পুলিশের দাবি, নিহত জহুরুল ইসলাম মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।
এমবি





