গত শনিবার (৫ জুলাই) পরিচালনা পর্ষদের এক সভায় সবার সর্বসম্মতিক্রমে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট এবং অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নেতৃত্বের অধীনে সিজিএস ভবিষ্যতে গবেষণা কার্যক্রমকে আরও বিস্তৃত ও নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকরভাবে উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও জনপরিসরে রাজনৈতিক আলোচনার গ্রহণযোগ্য ও চিন্তাশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার উপস্থাপনায় জনপ্রিয় টকশো “তৃতীয় মাত্রা” গত দুই দশক ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এর আগে তিনি সিজিএস-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক সম্মেলন “বে অব বেঙ্গল কনভারসেশন” এর চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেন, সিজিএস দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণাসহ কার্যক্রম চালিয়ে এসেছে। অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক গবেষণা, নীতিগত চিন্তা ও সংলাপের মাধ্যমে সিজিএস একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

নতুন নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং সিজিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভূ-রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য তাঁর গবেষণার মূল ক্ষেত্র। তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন, পিয়ার-রিভিউড জার্নাল ও নীতি সংলাপে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।

নতুন পরিচালনা পর্ষদে আরও রয়েছেন, নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকারকর্মী মুনিরা খান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মো. শফিউল্লাহ, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আব্দুল হক, নীতি বিশ্লেষক সুবীর দাস এবং লেখক ও সমাজ সংগঠক ফাহমিদা হক।

এনএইচ